তুরাগে নৌকা ডুবি, নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিস
টঙ্গীতে তুরাগ নদ পারাপারের সময় পিকনিকের ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি নৌকা ডুবে গেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা খান মো. এহসান উল আলম জানান, শনিবার রাতের এ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে কাজ করছে ডুবুরি দল।
তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
স্টেশন কর্মকর্তা এহসান উল আলম বলেন, রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মাউসাইট ঘাট থেকে যাত্রী নিয়ে পাগার ঘাট যাচ্ছিল একটি নৌকা। নদের মাঝখানে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে নৌকাটি পানিতে তলিয়ে যায়।
“কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও কেউ কেঊ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা কত তা জানা যায়নি।”
তুরাগের স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে ডুবুরি দলের বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।
নিজেকে ওই নৌকার যাত্রী দাবি করে ফজলু নামে এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌকায় ৩৫ জনের মত যাত্রী ছিলেন। অনেকই ঘটনার দুর্ঘটনার পরপর সাঁতরে তীরে উঠে এসেছেন। অন্ধকারে ঠিক কতজন উঠে এসেছেন, কতজন নিখোঁজ আছেন আমি জানি না।
“ আমি সাঁতরে তীরে উঠেছি, আমার বন্ধু রণি এখনও নিখোঁজ।”
