বুড়িগঙ্গায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খোলামোড়া লঞ্চঘাট এলাকার শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নদী থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই আলাউদ্দিন জানান।
নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওই যুবকের পড়নে কেবল সাদা রঙ্গের একটি শার্ট ছিল। লাশে পচন ধরে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
