কালীগঞ্জে বাস খাদে, কলেজছাত্র নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মেরামত করার পর একটি বাস পরীক্ষামূলক চালানোর সময় খাদে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই মো. নাজমুল হক জানান, বালীগাঁও এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল বাগমার (২৫) উপজেলার তুমলিয়া গ্রামের জুলহাস বাগমারের ছেলে।
শাকিল স্থানীয় কালীগঞ্জ শ্রমিক কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
এসআই নাজমুল পরিবারের বরাতে বলেন, জুলহাসের একটি মোটর গ্যারেজ আছে। শাকিল লেখাপড়ার পাশাপাশি সেখানে কাজ করেন।
“সোমবার একটি গাড়ি মেরামতের পর বাসের চালক শাকিলকে নিয়ে পরীক্ষামূলকভাবে বাসটি চালানোর জন্য রাস্তায় বের হন। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নাভানা প্লাস্টিক কারখানার পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক ও সহকারী বের হতে পারলেও শাকিল আটকা পড়েন।”
কালীগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই নাজমুল।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন জানান, শাকিলকে মৃত অবস্থায় আনা হয়।
