২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্ট মাস নিয়ে ‘কটূক্তি’, শাবি শিক্ষকের শাস্তি

বঙ্গবন্ধুর মৃত্যুর মাস অগাস্ট নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে পদাবনতিসহ একাধিক শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 05:26 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

বুধবার রাতে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

দণ্ডিত মোহাম্মদ মনজুর-উল-হায়দার ওরফে সুমন আকন্দ নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

তাকে চাকরি থেকে ছয় মাসের অব্যাহতি দেওয়ার পাশাপাশি সহকারী অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে প্রভাষক করা হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে, বলেন ইশফাকুল।

ইশফাকুল হোসেন বলেন, “গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে মনজুর-উল-হায়দার লিখেন- ‘দিন গুনছি..আসছে আমার আনন্দের আগস্ট’।”

স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। পরদিন (১৬ জুলাই) ছাত্রলীগ নেতা-কর্মীরা ওই শিক্ষকের কক্ষ ভাংচুর করেন বলে জানান রেজিস্ট্রার।

তিনি আরও জানান, এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাখা ছাত্রলীগের স্থগতি কমিটির নেতৃবৃন্দ অগাস্ট মাস নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।

“শাবি শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদও ওই শিক্ষকের শাস্তির দাবি করে।”

প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ১৮ জুলাই ওই শিক্ষককে কারণ দার্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানান ইশফাকুল।

এ ব্যাপারে মনজুর-উল-হায়দার ওরফে সুমন আকন্দ বলেন, “অগাস্ট মাসে আমার ব্যক্তিগত কয়েকটি ইভেন্ট থাকায় আমি ফেইসবুকে স্ট্যাটাস দেই। আর সেই স্ট্যাটাস নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আমি তা ডিলিট করে দেই। অগাস্ট মাসকে নিয়ে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করিনি।”

শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যে অভিযোগে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই অভিযোগ আমি স্বীকার করছি না। শোকজের প্রতিউত্তরে আমি আমার বক্তব্য বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তবুও শাস্তির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আপিল করব।”