এবার ফরিদপুরে বসত ঘরে ৩৫ গোখরা
রাজশাহী ও কুষ্টিয়ার পর এবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক বসত ঘর থেকে ৩৫টি গোখরা পাওয়া গেছে।
উপজেলার সদরের গোপালপুর রোডের বাজার সংলগ্ন মালোপাড়ার বাসিন্দা ব্যবসায়ী নীলরতন বিশ্বাসের বসত ঘর বৃস্পতিবার ও শুক্রবার দুইদিনে সাপগুলো পাওয়ার পর স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ জানান, নীলরতন বিশ্বাসের বসত ঘরে বৃস্পতিবার সকালে প্রথমে একটি তিন হাত লম্বা একটি গোখরা সাপ দেখে তা পিটিয়ে মেরা ফেলা হয়। এর কিছুক্ষণ পরে ওই ঘরে আরও তিনটি বাচ্চা পাওয়া যায়।
“পরে নীলরতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে শুক্রবার তার ঘরের মেঝে খুঁড়ে হাত খানেক লম্বা ৩১টি গোখরার বাচ্চা ও ৭/৮টি ডিম পাওয়া যায়।”
সাপগুলোকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমি মো.পারভেজ চৌধুরী বলেন, “বিষয়টি আমরা শনিবার জানতে পেরেছি। যেহেতু সাপগুলো মেরে ফেলা হয়েছে তাই কিছু করতে পারিনি।”
তবে এভাবে কোনো প্রাণিকে মেরে ফেলা ঠিক নয় বলে জানান তিনি।
