এমপির সামনেই ছাত্রলীগের দুই নেতার হাতাহাতি
ঝালকাঠির রাজাপুরে সংসদ সদস্য বিএআইচ হারুনের সামনেই হাতাহাতিতে জড়ালেন ছাত্রলগের দুই নেতা।
রোববার সকালে রাজাপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে উপজেলার ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান ও সদস্য রাজিব ফরাজীর মধ্যে হাতাহাতির এ ঘটন ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুন কলেজ মিলনায়তনে প্রবেশ করছিলেন।
এ সময় এমপির পাশে হাঁটছিলেন মাহমুদ। আর একটু সামনে ছিলেন রাজিব ফরাজী। এমপির সামনের লোকজন সরিয়ে দিচ্ছিলেন তিনি। এক পর্যায় মাহমুদ সামনে থাকা রাজিবকে সরিয়ে দিতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠান শুরু হয়।
এ ব্যাপারে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে লিডারের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত। তবে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিকভাবেই সমাধান হয়েছে।”
রাজিব ফরাজী বলেন, “আমি এমপির সামনে হাঁটছিলাম এবং ভিড় সামাল দিচিছলাম। এসময় পেছন থেকে মাহমুদ আমাকে ঘুষি মারে। আর এ নিয়ে আমাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়।”
এ ব্যপারে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনার কথা শুনেছি মাত্র।কোনো কিছুই আমার সামনে ঘটেনি।”
রাজাপুর উপজেলার ছাত্রলীগের নতুন কমিটি গঠনের কথা রয়েছে। এ কমিটিতে সভাপতির পদ পেতে মাহমুদ হাসান এবং রাজিব ফরাজীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও গ্রুপিং চলছে বলে গুঞ্জন রয়েছে।
