২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংসদের ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি’

রাজশাহীর এক সংসদ সদস্যের ফেইসবুক আইডি হ্যাক ও মোবাইল ফোনের সিম কার্ড ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 04:57 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন রোববার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। খুব শিগগিরই এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।

সাংসদ আয়েন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন আগে তার মোবাইল ফোন চুরি হয়ে হয়েছিল। এরপর তার ফেইসবুক আইডি হ্যাক হয়। পরে মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে ওই প্রতারক চক্র।

“এরপর আমার ফেইসবুক আইডি ও মোবাইল ফোন থেকে যাকে তাকে ম্যাসেজ পাঠিয়ে বা ফোন করে চাঁদা দাবি করা হয়।”

সাংসদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্যের কাছেও আমার নম্বর থেকে মেসেজ পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তিনি চাঁদা না দেওয়ায় তাকে মেসেজ পাঠিয়ে গালাগাল করা হয়েছে।

“এভাবে চাঁদা না দেওয়ায় অনেকেকে গালাগাল ও অশ্লীল মন্তব্য করে মেসেজ দেওয়া হচ্ছে। এতে করে আমি বিব্রতকর অবস্থায় রয়েছি।”

রোববার রাতে আয়েন উদ্দিন তার ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আমার আইডি অনেকদিন আগেই হ্যাক করা হয়েছে। এই আইডি হতে যাদেরকে বিরক্তিকর মেসেজ, গালিগালাজ দেওয়া হয়েছে বা হচ্ছে তা আমার না। আমার কাছে যে অভিযোগ আসছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

সাংসদ আয়েন উদ্দিনের একান্ত সহকারী ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদের দুইটি মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। একটি গ্রামীণফোন ও অপরটি বাংলালিংক।

“ওই দুই নম্বর থেকে ফোন ও সাংসদের ফেসবুক আইডি থেকে মেসেজ পাঠিয়ে তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ব্যবসায়ী এমন ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে চাঁদা আদায় করেছে ওই প্রতারক চক্র।”

পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানীর ফেইসবুক আইডি হ্যাক ও মোবাইল ফোন নম্বর ক্লোন করে একাধিক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। এরপর তারা বিষয়টি জানতে পারলে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এ চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।