জাজিরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করছে।
নিহত রেশমা বেগম জাজিরার উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের নূরুল আমিনের স্ত্রী।
জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সোমবার সকালে অন্তঃসত্ত্বা রেশমার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
রেশমার ভাই ইয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ মাস আগে তাদের বিয়ে হয়।
“বিয়ের সময় বাবা নগদ দুই লাখ টাকা ও দুই ভরি সোনার গয়না দেয়। বিয়ের কিছুদিন পরই আরও টাকার জন্য চাপ দেয় নূরুল আমিন। টাকা না দেওয়ায় রেশমাকে মারধর শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিসও হয়েছে।”
এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয় বলে ইয়ার হোসেনের অভিযোগ।
ওসি নজরুল বলেন, এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তসহ নূরুল আমিনকে আটকের চেষ্টা করছে।
