২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ট্রাকচাপায় কারখানার অপারেটর নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ওয়ালটন কারখানার এক অপারেটরের মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 12:07 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

কোনাবাড়ি-সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, সোমবার সকাল পৌনে ৬টার দিকে চান্দরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন (৩৫) টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে।

নাসিরের সুমন্দি কাজী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসির চান্দরা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওয়ালটন কারখানায় চাকরি করতেন।

“তিনি রাতের পালায় দায়িত্ব পালন শেষে সোমবার সকালে বাসায় ফিরছিলেন। কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কালিয়াকৈরগামী দ্রুতিগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

নাসির আরএনডি অ্যালুমিনিয়াম সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন বলে জানান রফিকুল।

ওসি হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। আটক ট্রাকচালক আব্দুল মজিদ (২৮) নাটোর সদরের চরতেলবাড়ি এলাকার মোকসেদ আলীর ছেলে।