লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত হওয়ার চারদিন পর স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) ইউসুফ জানান, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম রামগতি উপজেলার চর আবদুল্লা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চর গাছিয়া গ্রামের নূরুল ইসলাম মাঝির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর গাছিয়া গ্রামের একখণ্ড জমি নিয়ে বুধবার সকালে নজরুল গং ও একই এলাকার ‘ডাকাত’ খোকন বাহিনীর সংঘর্ষ হয়।
“এ সময় নজরুল ও তার ভাই শেখ ফরিদ গুরতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন নজরুল।”
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে জেলা শহরে ও রামগতি উপজেলায় আব্দুর রব সুমনের নেতৃত্বে ছাত্রলীগের উদ্যোগে রামগতি শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।
নজরুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক ইউসুফ জানান।
