টেকনাফে ইয়াবা উদ্ধার, একজন আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। একই সময়ে একজনকে আটক করা হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান।
আটক জাফর আলম (৪৫) হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মৃত পেটান বক্সের ছেলে।
মেজর রুহুল আমিন বলেন, হোয়াইক্যং এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য জড়ো হয়েছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।
“পরে আটক জাফর আলমের হাতে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য প্রায় ৮৯ লাখ ৮৫ হাজার টাকা।”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।
