নেত্রকোণায় ঝড়ে নারীর মৃত্যু
নেত্রকোণায় ঝড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয়জন।
শনিবার মদন ও আটপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ১৫টি গ্রামের ছয় শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও তিন হাজার গাছ উপড়ে গেছে।
মৃত নুরনাহার বেগম (৪৫) মদন উপজেলার কদমশ্রী গ্রামের মাজু মিয়ার স্ত্রী।
আহত মদন উপজেলার গঙ্গানগর গ্রামের সুলেমা, জোছনা আক্তার, কদমশ্রী গ্রামের জানু মিয়া, মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।
জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও আহত ছয়জনকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।।
এছাড়াও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামতে জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
