সিলেটে বাস উল্টে মা-ছেলে নিহত
সিলেটের গোয়াইনঘাটে বাস উল্টে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।
সোমবার বিকালে উপজেলার তামাবিল গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান।
নিহতরা হলেন, উপজেলার নয়াগাঙ্গেরপাড় গ্রামের শিল্পী আক্তার ও তার এক বছর বয়সী ছেলে সাইফ।
এ ঘটনায় শিল্পীর স্বামীসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, বেলা সাড়ে ৪ টার দিকে জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের চালক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। এসময় ঘটনাস্থলে শিল্পী ও সাইফ মারা যায়।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।
