মুন্সীগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে আহত ৭
মুন্সীগঞ্জে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কভার্ডভ্যানের সংঘর্ষ হলে সাতজন আহত হয়।
“দুর্ঘটনার কিছুক্ষণ পরেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়। তবে ভেতরে কোনো যাত্রী না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
সাইফুল জানান, এ সময় সময় ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে সাড়ে ৯টার দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
দুর্ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া বাস ও কভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
