২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ‘গাফিলতিতে’ বার বার অগ্নিকাণ্ড

তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিতরণ লাইনের ছিদ্রপথে গ্যাস বের হয়ে গাজীপুরের কালিয়াকৈরে একটি স্থানে বছরে পাঁচ-ছয়বার আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 04:16 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে তারা।  

কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে বাসস্ট্যান্ড এলাকায় সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে এমন আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৃহস্পতিবারের এ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও তার আগেই চায়ের দোকানের মালপত্র পুড়ে যায়।

“মহাসড়কের পাশে তিতাসের বিতরণ লাইনের ছিদ্রপথে বের হওয়া গ্যাসে সিগারেট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। ওই ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হয়।

“এখানে বছরে পাঁচ-ছয়বার আগুন লাগে। এলাকাবাসী ও দমকল কর্মকর্তারা একাধিকবার অভিযোগ দিলেও তিতাস কোনো ব্যবস্থা নেয়নি।”

এখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, বলেন তিনি।

এ বিষয়ে তিতাসের কালিয়াকৈর কার্যালয়ের ব্যবস্থাপক সুরুজ আলম বলছেন, লাইনটির পাশেই রয়েছে বিদ্যুতের খুঁটি। প্রায় ২০ ফুট গভীরে থাকা বিতরণ লাইন মেরামত করতে গেলে বিদ্যুতের খুঁটিটি পড়ে যেতে পারে।

কাজটি হলো তিতাসের সিস্টেম অপারেশন বিভাগের। সবাইকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।

বিদ্যুতের খুঁটি অপসারণে বিলম্বের কারণ বলে দেখালেও শিগগিরই সমস্যাটি সমাধান করা হবে বলে জানিয়েছেন তিতাসের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের ডিজিএম (সিস্টেম আপারেশন, নর্থ) সফিকুল ইসলাম খান।