হবিগঞ্জে ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই গ্রামে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের অফর মিয়ার ছেলে সুজাত মিয়া (১৫) স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় একই পরিপারের চারজনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত সোমবার গ্রামের ফয়জুল্লাহর একটি ষাঁড়ের মাঠে বাঁধা ছিল। এ সময় স্থানীয় নাজমুল ইসলাম তার আরেকটি ষাঁড় নিয়ে গিয়ে ওই ষাঁড়ের সঙ্গে লড়াই বাঁধায়। এ সময় ফয়জুল্লাহর লোকজন তাকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এর জেরে সকালে ফয়জুল্লাহর লোকজনের সঙ্গে নাজমুল্লাহর সমর্থকদের সংঘর্ষ শুরু হলে সুজাত কয়েকজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুজাতকে মৃত ঘোষণা করেন।”
ওসি আতাউর জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
