ফরিদপুরে দুই লাশ, পুলিশ বলছে ‘ডাকাত’
ফরিদপুর শহর বাইপাস এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের ভাষ্য।
জেলার পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বলছেন, বাইপাস সড়কের আলালপুর এলাকায় মঙ্গলবার ভোরে ‘দুই দল ডাকাতের’ মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে।
নিহতরা হরেন- পাভেল (২৮) ও সবুজ (২০)। তাদের দুজনের বাড়িই ফরিদপুর শহরে।
পাভেলের প্যান্টের পকেটে একটি পিস্তল পাওয়া গেছে বলে পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর রাতের দিকে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
“পরে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ফরিদপুর মেডিকেলের চিকিৎসক ফরিদউদ্দিন বলেন, “ভোরের দিকে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।”
