কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত ৪ কিশোর
গাজীপুর সিটি কর্পোরেশনে কুড়িয়ে পাওয়া একটি বোমা বিস্ফোরণে জমজ দুই সহোদরসহ চার কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ি মেঘলাল এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে।
আহরা হলেন শাকিল (১৪), মান্নান (১৩), দুলাল (১৩) ও তার ভাই আপন (১৩)। তাদের মধ্যে দুইজনকে কোনাবাড়িতে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুই ভাই দুলাল ও আপন জানান, মেঘলাল এলাকায় রেল লাইনের পাশে তারা চারজন মোবাইলে গেম খেলছিলেন। এ সময় তারা একটি বাজারের ব্যাগ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখেন।
ব্যাগটি নিয়ে এর ভিতরে কী আছে তা দেখতে ব্যাগটি খোলা মাত্রই ভেতরে থাকা ‘বোমার’ বিস্ফোরণ ঘটে বলে জানান তারা।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেনসহ ফোর্স পাঠানো হয়েছে।
এদিকে, রেল লাইনের পাশে বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে বিস্ফোরণ স্থলে এসে ভিড় করে।
