ডিমলায় বিদ্যুতের তার ছিঁড়ে কিশোর নিহত
নীলফামারীর ডিমলা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। এসময় এক গৃহবধুসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেস্ট গ্রামে এই ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার জানান।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০ কেভি ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে। এতে ১১ হাজার কেভি বিদ্যুৎ সংযোগ তার ছিঁড়ে পড়ে আশেপাশের এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে।
“এসময় ওই গ্রামের কৃষক আবু বক্করের ছেলে সাইফুল ইসরাম বাড়ি সংলগ্ন ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প স্টার্ট দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
একই সময় ওই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম কালা (৩২), নসকর আলীর ছেলে কবীর হোসেন (১২), জহির উদ্দিনের ছেলে মিলন ইসলাম (২২) বিদ্যুতায়িত হয়ে আহত হন বলে জানান তিনি।
এ বিষয়ে ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলীর এ জেড এম সাইফুল ইসলাম মণ্ডল বলেন, “ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটেনি। আমি খবর পেয়ে ঘটনাস্থ পরির্দশন করেছি। বিদ্যুতের ১১ হাজার কেভি সংযোগ লাইনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে।”
