মধুখালীর ওসি প্রত্যাহার
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী থানার ওসি রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, বুধবার ওসি রুহুল আমিনকে প্রত্যাহার করার আদেশের কপি এসে পৌঁছেছে।
আগামী ১৬ এপ্রিল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।
মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফর নাহার বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন ঢাকা বিভাগের ডিআইজির কার্যালয়ে একটি চিঠি দিয়েছে।তার একটি কপি আমিও পেয়েছি।
“এতে বলা হয়েছে, ‘ওসি মধুখালী মো. রুহুল আমিনকে প্রত্যাহার করে তার স্থলে উপযুক্ত কোনো কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবলায়কে অবহিত করা হউক’।”
এ বিষয়ে ওসি রুহুল আমিন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মৌখিকভাবে পেয়েছি। লিখিত আদেশ পাওয়া মাত্রই সরকার যেখানে পদায়ন করবে সেখানে চলে যাব।”
উপজেলার মেগচামি ও কামালদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তুলে নেওয়ার চেষ্টা ও কর্মীদের উপর হামলার অভিযোগে বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এই সম্মেলনেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্নতোলা হয়।
