নীলফামারীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে নারীর মৃত্যু
নীলফামারীর ডোমারে পিডিবি ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার গোমনাতি ইউনিয়নের আমাবাড়ি গ্রামের ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি মকছেদ আলী জানান।
নিহত লতিফা বেগম (৪০) ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, সকাল ১০টার দিকে লতিফা বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে ছাগল বেঁধে বাড়ি ফিরছিলেন। এ সময় পিডিবির ১১ কেভির বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নীলফামারীর ডোমার বিদ্যুৎ বিতরণ ও বিপণন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের ১১ কেভি সরবরাহ লাইনে তারগুলো অনেক পুরনো হওয়ায় ছিঁড়ে পড়েছে।
