চারদিনের সফরে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বাংলাদেশে
ঢাকা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায় চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে চলে যান যশোর সার্কিট হা্উসে। সেখান থেকে রাতে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন বলেন ইউএনও সালাম জানান।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবালের পাঠানো এক চিঠিতে আলপনের এ সফরসূচির কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুস সালাম বলেন, পররাষ্ট্র মন্ত্রাণালয়ের আমন্ত্রণে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বুধবারের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আলাপন ঢাকা এসেছেন।
মোফাখখারুল ইকবালের চিঠির বরাত দিয়ে তিনি আরও বলেন, ঢাকা অবস্থানকালে তিনি বৃহস্পতিবার ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী ট্রাস্ট পরিদর্শন করবেন। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।
সেখানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স পরিদর্শন করে বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরবেন।
