২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে নারীর চোখে কারাগার

জয়পুরহাটের জেল সুপার কাওয়ালিন নাহার মনে করেন, কারাগার হবে পুনরুজ্জীবনের ঘর। তার তদারকে অনেক সাজাপ্রাপ্ত অপরাধী ইতোমধ্যেই ফিরে পেয়েছেন স্বাভাবিক সুন্দর জীবন।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 11:51 AM

Updated : 19 Aug 2022, 03:58 PM

কাওয়ালিন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্তানদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে তাদের প্রতি মা-বাবার ভালোবাসা।

আর এই ভালোবাসার জন্যই তিনি হয়েছেন কয়েদিদের ভরসার জায়গা। কখনও তিনি মা, কখনও বোন, কখনওবা শক্ত অভিভাবক - এমনটাই জানালেন এখানকার কয়েদিরা।

জয়পুরহাট জেলা শহরের বিশ্বাসপাড়া রেল বস্তির রতন মিয়া এক সময় ছয় মাস সাজা ভোগ করেন এই কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই অল্প সময়ের মধ্যে জেলখানায় চুল কাটার কাজ শিখি। এখন জেলখানার বাইরে বসে মানুষের চুল-দাড়ি কাটি। আয়রোজগার ভালো হচ্ছে। ভালো আছি।”

জেলখানায় বাঁশ-বেতের গৃহসরঞ্জাম, টাইলস তৈরি, রাজমিস্ত্রির কাজসহ নানা বৃত্তিমূলক কাজ শিখেছেন পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের নূরুল ইসলাম, নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাটোয়ারীপাড়া গ্রামের মুমিনুর আজাদ, ঢাকার কামরাঙ্গীর চর এলাকার নবেল হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে।

তারা সবাই কাওয়ালিন নাহারের আন্তরিকতার কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩৪ বছর বয়সী নাহার পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের আব্দুল করিমের মেয়ে। ১২ ভাইবোনের মধ্যে তিনি ৬ নম্বর। 

নাহার জানান, তার বাবা ছিলেন বিআইডব্লিউটিএর একজন প্রকৌশলী আর মা গৃহিণী। আর দুই ভাই মেরিন ইঞ্জিনিয়ার ও দুই বোন চিকিৎসক।

গ্রামের স্কুল-কলেজ শেষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেন তিনি। চাকরিতে যোগ দেন ২০১২ সালে। আর তার পরের বছর কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামকে বিয়ের দুই বছর পর জয়পুরহাট আসেন।

এক মেয়ের মা নাহার তার সফলতার পেছনে পারিবারিক অনুকূল পরিবেশের ভূমিকা রয়েছে জানিয়ে বলেন, “বাবা-মা ছিলেন সুখী দম্পতি। আর বেশি ভাইবোন হলেও খুশিতে ভরপুর ছিল আমাদের পরিবার।”

চাকরিজীবনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “অপরাধীদের নিয়ে কাজ। এ কারণে স্বজনরা প্রথম দিকে চিন্তিত ছিলেন। তবে পরে মানিয়ে গেছে।”

জয়পুরহাট জেল পরিদর্শন কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আসমা খাতুন বলেন, “নাহার আপা কয়েদিদের জন্য খাদ্যতালিকার দিকে নজর রাখেন। সুষ্ঠু বণ্টন, পরিচ্ছন্নতা, বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা ইতঃপূর্বে আর কখনও দেখা যায়নি।”

জেলা প্রশাসক আব্দুর রহিমও তার প্রশংসা করলেন। তিনি বলেন, “কাওয়ালিন সৎ ও কর্মঠ। তিনি একজন সফল কর্মকর্তা, একজন ভালো গৃহিণী এবং আদর্শ মা।”