২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মার্চের ভোটের উপর ইমেজ নির্ভর করছে: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের উপর কমিশনের ইমেজ নির্ভর করছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 08:28 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

নতুন তিনটি উপজেলা পরিষদে নির্বাচনসহ আগামী ৬ মার্চ ১৮টি উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য মাহবুব তালুকদার বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের উপর নির্বাচন কমিশনের ইমেজ নির্ভর করছে। কারণ এটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন।”

এই নির্বাচনের সাফল্যের উপর পরবর্তী নির্বাচনের সাফল্য নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, তাই যেকোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে।

কোনো ধরণের শিথিলতা মেনে নেওয়া হবে না। নির্বাচনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে আইন অনুয়ায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এ নির্বাচন কমিশনার।

হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহবুব তালুকদার বলেন, “আমরা যে নিরপেক্ষতার শপথ নিয়ে নির্বাচন কমিশনার হয়েছি, যেকোনো মূল্যে শপথের পবিত্রতা রক্ষা করব।”

“আমরা অংশীদারমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই। কারণ অংশীদারমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন কখনও গ্রহণযোগ্য হয় না। তাই আমাদের লক্ষ্য থাকবে সবাইকে নিয়ে নির্বাচন করা; কেউ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে।”

মতবিনিময় সভায় হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।