অপরাধ করলে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার ঢাকার আশুলিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ লিটন হত্যায় গ্রেপ্তার আব্দুল কাদের খান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। সে সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও। আইনের বাইরে কেউ নয়। এ ব্যাপারে সরকার জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করবে।
আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রতিটি ক্যাডেটকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আর কেউ জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্যাডেটরাই ভূমিকা পালন করবে।
তাই তারা নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভারের সংসদ সদস্য এনামুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত অভিযোগে গত মঙ্গলবার ওই আসনের (গাইবান্ধা-১) সাবেক এমপি আব্দুল কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
