শৈলকুপায় শিশু ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মনোহরপুর ইউনিয়নের এক গ্রামে রোববার বিকালে ওই ঘটনা ঘটে। রাতে মেয়েটির বাবা থানায় এসে স্থানীয় ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা করেন।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই কিশোর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ওসি তরিকুল জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোববার বিকালে নদীর ধারে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় মেয়েটিকে কৌশলে নদীর ধারে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে ছেলেটি।”
ওই শিশুর মা জানান, বিকালে তার মেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুদের কাছ ‘ধর্ষণের’ বিষয়টি তিনি জানতে পারেন। পরে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠাতে বলেন চিকিৎসকরা।
