২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাফলংয়ে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিক নিহত

পাথর উত্তোলন করতে গিয়ে এবার মাটি চাপায় সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শ্রমিক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

রোববার বেলা সাড়ে ৪টার দিকে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকার হারুন মিয়ার মালিকানাধীন কোয়ারিতে গর্ত করে পাথর উত্তোলনের সময় এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিছ আলীর ছেলে কামরুজ্জামান ও একই গ্রামের জিহাদুর রহমানের ছেলে তাজ উদ্দিন। 

ওসি দেলোয়ার বলেন, হারুন মিয়ার মালিকানাধীন কোয়ারিতে গর্ত করে গত কয়েকদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। রোববার বিকালে পাথর উত্তোলনের সময় উপর থেকে মাটি ধসে পড়লে গর্তের ভেতর দুই শ্রমিক মারা যান। 

এর আগে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলায় ছয়জন, বিছানাকান্দিতে তিনজন ও লোভাছড়ায় এক শ্রমিকের মৃত্যু হয়।