২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে তুচ্ছ করে দেখার উপায় নেই: কাদের

আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে বিএনপি যত এলোমেলো হোক না কেন ভোটের রাজনীতিতে তাদের তুচ্ছ করে দেখার কোনো উপায় নেই।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

শনিবার রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে নেই, কিন্তু ঘরে বসে রূপকথার কাহিনী সাজিয়ে মিথ্যাচার করে। বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

নেতকর্মীদের উদ্দেশে কাদের বলেন, দল হিসেবে বিএনপি যতই এলোমেলো হোক, নেতায় নেতায় সংশয় যতই থাক না কেন, সাংগঠনিক অবস্থা যত দুর্বল হোক না কেন তাদের সমর্থক কিন্তু দুর্বল নয়।

“কাজেই ভোটের রাজনীতিতে বিএনপিকে তুচ্ছ করে দেখার কোনো উপায় নেই। আগামী নির্বাচনে বিএনপি আসবে এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে।”

সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক কাদের বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। আওয়ামী লীগ এখন ক্ষমতায় রয়েছে, এক সময় ক্ষমতায় নাও থাকতে পারে।

ক্ষমতা চিরদিন থাকে না। সরকার চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন তিনি।

হাইব্রিডদের আওয়ামী লীগে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেধাবী ও সৎ লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশের সভাপতিত্ব করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলার সভাপতি ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী বিভাগের আট জেলার সভাপতিরা বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এনামুল হক, আব্দুল ওয়াদুদ দারা, আয়েন উদ্দিন, আখতার জাহান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল খালেক প্রমুখ।

এর আগে সকাল থেকে রাজশাহী বিভাগের আট জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন।