২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ‘আল্লাহর দলের’ ৪ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ‘আল্লাহর দলের’ বিভাগীয় প্রধানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, সোমবার রাতে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন ‘আল্লাহর দলের’ বিভাগীয় প্রধান কুষ্টিয়ার হাউজিং গ্রামের খন্দকার আব্দুল হালিমের ছেলে খন্দকার মজিবুল ইসলাম মিরন (৩২), সদস্য পাবনার আটঘরিয়া থানার দক্ষিণ নাগদা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ফখরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আরিফ হোসেন (২২) ও একই উপজেলার সালন্দর মন্নাপাড়া গ্রামের সফিউল্লাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪)। 

এ সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী বইপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ২০১৪ সাল থেকে শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকেন ‘আল্লাহর দলের’ সদস্য ফকরুল ইসলাম বাবু। এরপর ওই বাড়িতে সাবলেট হিসেবে মিরন থাকতে শুরু করেন। পরে দুজনে মিলে গোপনে সরকারি বিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।

“সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে ওই বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মিরন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

ঠাকুরগাঁও-পঞ্চগড় মিলে তাদের একটি বিভাগ এবং এখানে তাদের ১২০ জন সদস্য রয়েছে বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।