২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কে ঢাবি শিক্ষার্থীর উপর হামলা

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইজারাদারদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন আহত হন বলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 06:07 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

শনিবার দুপুরে সাফারি পার্কের প্রবেশ গেইটে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর।

ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ বলেন, আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ১৮ ছাত্র ও দুই ছাত্রী রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, বন অধিদপ্তর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় প্যাকেজ নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা পার্কে ঢোকার সময় গেইটে পার্ক কর্তৃপক্ষের লোক তাদের কাছে পরিচয়পত্র দেখতে চায়।

“অন্য বর্ষের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। তবে বিশ্ববিদ্যালয় এখনও প্রথম বর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ড ইস্যু না করায় তারা ভর্তির রশিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।

“এ নিয়ে কথাকাটাকটির এক পর্যায়ে শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেইটের ইজারাদার সফিকুর রহমান ও শ্রীপুর থানা কৃষকলীগের সভাপতি মো. কবির হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়।”

হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

মাস্টার্সের ছাত্র মো. আনিসুর রহমান বলেন, “বন বিভাগের অনুমতি ও পরিচয়ের বৈধ কাগজপত্র থাকার পরও সফিক এবং কবির তাদের লোকজন নিয়ে প্রধান ফটক বন্ধ করে দেয় এবং আমাদের লাঠিপেটা করে।”

পুলিশ কর্মকর্তা গোলাম সবুর বলেন, অনুমতি নেওয়ার পরও এ ধরনের ঘটনা দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ছবি দেখে এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সফিকুর ইসলাম বলেন, “পার্কে ঢোকার সময় শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র চাইলে গেইটের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। তা দেখে আমি এগিয়ে গেলে আমার পেছন থেকে হামলা চালানো হয়।”

এতে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন সফিকুল।