কিছু রেখে যেতে পারেননি সাংবাদিক শিমুল
খুবই সাধারণ জীবনযাপনকারী সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরিবারের সদস্যদের জন্য কিছু রেখে যেতে পারেননি।
সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকাল প্রতিনিধি শিমুল (৪২) বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন। শুক্রবার চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিমুলের রয়েছেন স্ত্রী নুরুন্নাহার (৩২), ছেলে সাদী মোহাম্মদ (১২) ও মেয়ে তামান্না (৪)। সাদী শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নানির দেওয়া দুই শতক জমির উপর তোলা একটি টিন শেড ঘর আর পৈত্রিক দুই বিঘা আবাদী জমি ছাড়া কোনো অর্থ নেই অকাল প্রয়াত এই সাংবাদিক পরিবারের।
এখন একদিনের খাবার কিনে খাওয়ার মতো অর্থও ঘরে নেই বলে তার স্ত্রী জানিয়েছেন।
শনিবার সকালে শিমুলের বাড়ি গিয়ে কথা হয় নুরুন্নাহার ও শিমুলের সহকর্মী স্থানীয় সাংবাদিক সাগর বসাকের সঙ্গে।
“কিন্তু আমার স্বামী ফিরেছেন লাশ হয়ে। এখন ছেলেমেয়ে নিয়ে কী খাব, কী রান্না করব তা জানি না। ঘরে কোনো টাকা-পয়সাও রেখে যাননি। স্বামীর আশা ছিল ছেলেকে ডাক্তার বানাবে। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে।”
তাকে মানুষ করেছেন যে নানি শিমুলের মৃত্যুর খবর শোনার পর তিনিও মারা গেছেন।
তার দীর্ঘদিনের সহকর্মী স্থানীয় সাংবাদিক সাগর বসাক বলেন, দুই শতক জমিতে নির্মিত টিন শেড ঘরের মধ্যে মূল্যবান তেমন কিছুই নেই। খুব সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন শিমুল।
তিনি জানান, উপজেলা পোতাদিয়া গ্রামে শিমুলের পৈত্রিক নিবাস। ছয় বছর বয়সে বাবা মারা যাওয়ার মা অন্যত্র বিয়ে করেন। তখন শিমুল মাদলা মহল্লায় মামার বাড়িতে নানির কাছে বড় হন। তাকে লেখাপড়াও করান নানি। ঘর করার জন্য দুই শতক জমিও নানির দেওয়া।
“সৎ সাংবাদিকতা করার কারণে তার অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। অনেকটা জোড়াতালি দিয়ে চলত তার সংসার।”
সমকালের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমকালে চাকরি করার সুবাদে প্রতিমাসে সম্মানী পেতেন দুই হাজার টাকা। ছবি ছাপা হলে প্রতিটির জন্য পেতেন ৩০০ টাকা এবং প্রকাশিত প্রতিলাইন সংবাদের জন্য পেতেন পাঁচ টাকা।
গড়ে প্রতি মাসে সমকাল থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা উত্তোলন করতেন বলে জানান তার সহকর্মী রানা।
