খাগড়াছড়িতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রাবেয়া বেগম (২৫) আমতলী ইউনিয়নের চৌদ্দগ্রাম পাড়ার দুবাই প্রবাসী মো. শাহজাহানের স্ত্রী।
বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পঠিয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাত হোসেন টিটু।
রাবেয়ার বাবা আইয়ুব আলী বলেন, বুধবার রাতে নিজ ঘরে ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিল রাবেয়া। গভীর রাতে হত্যাকারীরা তার ঘরে ঢুকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
ভাসুর মো. আবদুল মতিনের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তার মেয়েকে বহিরাগত লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ওসি বলেন, কারা কী কারণে ওই প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে জানা যায়নি।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।
