সারদা পুলিশ একাডেমিতে ভারতীয় হাই কমিশনার
প্রত্নতাত্ত্বিক অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে সহায়তায় সমঝোতা স্মারক স্বাক্ষরের একদিন পর রাজশাহীর সারদায় পুলিশ একাডেমি পরির্শন করেছেন ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম জানান, সোমবার ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভবন ও আইসিটি সেন্টার নির্মাণের প্রকল্প স্থান পরিদর্শন করেছেন।
এ প্রকল্পে ভারত সরকারের সহায়তা থাকবে বলে জানিয়েছেন নিযাম উল আযিম।
পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতীয় হাই কমিশনার।
শ্রিংলাকে পুলিশ একাডেমির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল মো. আবদুল্লাহ আল-মাহমুদ।
সন্ধ্যায় শ্রিংলা রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
একদিন আগে (রোববার) বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে শ্রিংলা উপস্থিত ছিলেন।
ওই স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরে অবস্থিত প্রত্নতত্ত্বের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের এই প্রকল্পে ভারত সরকার ২১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকার অনুদান দেবে বলে ভারপ্রাপ্ত মেয়র জানান।
তিনি বলেন, ভারত সরকার ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থে নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারি এলাকার অবস্থিত প্রচীন গ্রন্থাগার সংস্কার করা হবে। এছাড়া ওইসব মন্দির ও গ্রন্থাগার সংযোগ সড়কও সংস্কার করা হবে।
ভারপ্রাপ্ত মেয়র আরও জানান, ভারত সরকারের সহায়তায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভবন ও একটি আইটি সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে আগেই। ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করেন।
দুপুরে নাটোরের উদ্দেশে রাজশাহী ছেড়ে যান শ্রিংলা।
নাটোরের লালবাজারে মহারাণী ভবানী প্রতিষ্ঠিত শ্রীশ্রী মন্দির পুনঃনির্মাণে ভারতের সহায়তার একটি অংশের চেক হস্তান্তর করেছেন হর্ষবর্ধন শ্রিংলা।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী যেসব মন্দিরের ক্ষতিসাধন করেছে সেগুলো পুনর্নিমাণে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান ভারতের হাই কমিশনার।
