এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় ক্ষুব্ধ আ. লীগ ও মুক্তিযোদ্ধারা
ময়মনসিংহের সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একই ব্যক্তি দ্বিতীয়বার মামলা করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।
দলের ভাবমূর্তি ক্ষণ্ন করতে এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
এছাড়া ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে নির্বাচিত পাঁচবারের এই সাংসদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন বলে দাবি করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
গত ২৩ জানুয়ারি ফুলবাড়ীয়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৭০) ময়মনসিংহের একটি আদালতে ওই সাংসদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে ২০১০ সালেও জালাল উদ্দিন একই অভিযোগে মোসলেম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে আদালত মামলাটি খারিজ করে দেয় বলে জানান তিনি।
ফুলবাড়িয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। পরে তিনি পাক বাহিনীর কাছে ধরা পড়লে প্রভাবশালী শ্বশুরের হস্তক্ষেপে জানে রক্ষা পান। যুদ্ধের সময় তিনি ময়মনসিংহ শহরে পাকবাহিনীর নজরবন্দি ছিলেন।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম বলেন, সম্প্রতি ফুলবাড়ীয়ায় এক জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মোসলেম উদ্দিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন।
কেউ তার (মোসলেম) বিরুদ্ধে মামলা করলে কাদের সিদ্দিকী সাক্ষী হবেন বলে ওই বক্তব্যে বলেছিলেন। তার এই আহ্বানের পরই তাকে সাক্ষী করে সাংসদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে বলে দাবি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের।
নুরুল ইসলাম আরও বলেন, কয়েকদিন আগেও কাদের সিদ্দিকী মোসলেম উদ্দিনকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন।
“তাহলে যে কাদের সিদ্দিকী জেনারেল নিয়াজীর সাথে হাত মেলাননি, মোসলেম উদ্দিন রাজাকার হলে সেই কাদের সিদ্দিকী তাকে বুকে জড়ালেন কীভাবে?”
মোসলেম উদ্দিনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এই মামলার ১১ নম্বর সাক্ষী গোলাম মওলা বলেন, “মোসলেম উদ্দিনের মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা নেই। না জানিয়ে আমাকে মামলায় সাক্ষী করা হয়েছে।”
মামলার অভিযোগে বলা হয়, মোসলেম উদ্দিনের নির্দেশে তালেব আলী, সেকান্দর আলী এবং আলতাব আলীকে ৭১ সালের ২৯ নভেম্বর মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শহীদ তালেব আলীর ছেলে খোরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তর সালে পাকিস্তানি বাহিনী আমার বাবা ও দুই চাচাকে হত্যা করেছে। ওই মামলাটি আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং একজন আসামি হাজতে রয়েছেন।
“এ ঘটনায় সাংসদ মোসলেম উদ্দিন জড়িত ছিলেন না বলে আমি আমার মা, চাচি এবং এক নানার কাছে শুনেছি।”
মামলার বাদী মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বলেন, আগে দায়ের করা মামলাটি খারিজ হওয়ায় ভালো ফল পাওয়ার আশায় আবার মামলা দায়ের করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, মামলার অন্যতম সাক্ষী কাদের সিদ্দিকী ‘মিথ্যা কথার বাক্স’।
‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে’ আওয়ামী লীগ থেকে সাতবার মনোনয়ন পেয়ে পাঁচ বার নির্বাচিত এমপিকে জড়িয়ে এ ধরনের ‘নোংরা খেলায়’ মেতেছে বলেও দাবি বাবুলের।
মোসলেম উদ্দিন বলেন, “আমার জনপ্রিয়তা নস্যাৎ করার জন্যই একটি মহল বারবার চক্রান্ত চালাচ্ছে। আমি সংবিধান প্রণয়ন কমিটি ও গণপরিষদের সদস্য ছিলাম। স্বাধীনতা বিরোধী অপরাধের সাথে কোনভাবেই সম্পৃক্ত না।
