মৌলভীবাজারে ২ নারীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের রাজনগরের দা দিয়ে কুপিয়ে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজার স্ত্রীকে হত্যা করেছেন সাবেক এক আনসার সদস্য। এ ঘটনায় তার মেয়েসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজনগর থানার ওসি শ্যামল বণিক।
নিহতরা হলেন সাবেক আনসার সদস্য সফিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী সুফিয়া (৫২) ও তার ভাতিজার স্ত্রী সায়রা বেগম (৪২)।
এ ঘটনায় সফিক মিয়াকে আটক করেছে পুলিশ।
এ সময় দায়ের আঘাতে আহত তার মেয়ে, ভাতিজি ও বড় ভাইয়ের স্ত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, সফিক মিয়া ধারালো দা দিয়ে নিজ পরিবারের সদস্যদের উপর হামলা চালালে পাঁচ নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া ও সায়রাকে মৃত ঘোষণা করেন।
সফিক মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনসার থেকে তাকে চাকুরিচ্যুত করা হয় বলে জানান তিনি।
মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এ ঘটনা ঘটাতে পারেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
