মারধরের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিকের মামলা
মারধর ও চাঁদা দাবির অভিযোগে সাভার মডেল থানার এক এসআইসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক সাংবাদিক।
সোমবার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি (সিআর মামলা নং-৫১/২০১৭) করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মিঠুন সরকার।
মামলার আসামিরা হলেন সাভার মডেল থানার এসআই কবীর হোসেন, স্বরবর্ণ মাল্টিমিডিয়ার কর্ণধার অভিজিৎ রায় ওরফে অজয়, ডগরমোড়া এলাকার বিজয় চন্দ্র রায় ও আশুলিয়ার কুড়গাঁও এলাকার রফিকুল ইসলাম।
অভিযোগটি আমলে নিয়ে সাভার মডেল থানার ওসিকে এফআইআর হিসেবে নথিভুক্তের আদেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান।
মিঠুন সরকার বলেন, “সাভারের শাহীবাগ এলাকার স্বরবর্ণ মাল্টিমিডিয়ার কর্ণধার অজয় রায় কালিনগর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে আঁখি আক্তারকে (১৭) নায়িকা বানানোর প্রলোভন দিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সকালে তার অফিসে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ মেয়েটি।
“পরে বিভিন্ন স্থানে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০১৬) করেন আঁখির মা খাদিজা বেগম। ওই ডায়েরি তদন্তভার পান এসআই কবীর হোসেন।”
এনিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা রোববার ওয়াপদা রোডের তার অফিসে গিয়ে গালাগাল, মারধর, ভাংচুর করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে; না দিলে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এঘটনার পর আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আদালতে মামলা করেছি।”
তবে অভিযোগ অস্বীকার করে এসআই কবীর বলেন, “আমিতো মিঠুন সরকারের অফিসই চিনি না, মারধর ও হুমকির প্রশ্নই উঠে না।”
এদিকে মিঠুন সরকারের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাভার প্রেসক্লাব।
