২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার অপহৃত স্কুলছাত্র বগুড়ায় উদ্ধার, আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক স্কুলছাত্রকে বগুড়ার সোনাতলা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় পুলিশ আটক করেছে দুইজনকে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2017, 01:03 PM

Updated : 19 Aug 2022, 03:32 PM

রতন ইসলামকে (১৫) বগুড়ার সোনাতলা উপজেলার কোচারপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয় বলে জানান গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান।

রতন গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া গ্রামের সৈয়দ জামানের ছেলে ও পারগয়ড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আটককৃতরা হলেন - আবু হায়াত মো. রাসেল (২০) ও মামুন সরকার (১৮)।

রাসেল গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে ও গাজীপুরের ভাউয়াল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামুন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে ও গোবিন্দঞ্জের কামদিয়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

এসআই হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে রতনকে তার গ্রাম থেকে বেড়ানোর কথা বলে নিয়ে অপহরণ করেন রাসেল ও মামুন। তারা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।”

রতনের বাবা সৈয়দ জামান গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দিলে মোবাইল ফোন ট্র্যাক করে রতনকে উদ্ধারসহ দুইজনকে আটক করা হয় বলে জানান এসআই হাফিজুর।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, আটক দুইজনসহ রতনকে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ আনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।