নারীরা মোনাজাতে অংশ নেন ইজতেমা মাঠের বাইরে
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নারীদের যাওয়ার অনুমতি না থাকলেও বাইরে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা মোনাজাতে অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারীরা টঙ্গী সরকারি হাসপাতাল, টঙ্গী রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, ফুটওভার ব্রিজের নীচে, দালানের ছাদে, কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, টঙ্গীর ইজতেমা ময়দানে নারীদের প্রবেশের অনুমতি নেই।
“স্বামী-স্বজনদের নিয়ে বাড়িতে বাড়িতে অবস্থান করে তাবলীগী কাজ করার অনুমতি থাকলেও খোলাভাবে ও মসজিদে অবস্থান করে ধর্ম প্রচারের বা তাবলীগী কাজ করার অনুমতি নেই তাদের।”
তবে ইজতেমা ময়দানের বাইরে ব্যক্তি উদ্যোগে অনেকেই আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন। সরকারি-বেসরকারিভাবে মোনাজাতে অংশগ্রহণের জন্য তাদের অলাদাভাবে ব্যবস্থা করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নরসিংদী থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মালেকা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছওয়াবের আসায় আমার এক ছেলেসহ একদিন আগে টঙ্গীতে আসি এবং রাতে টঙ্গী হাসপাতাল প্রাঙ্গণের একপাশে বস্তা ও চাদরের ছাউনী তৈরি করে রাত যাপন করি।”
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের জয়নব আক্তার বলেন, গত তিন বছর ধরে এখানে আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন তিনি। রোববার ভোর রাত থেকে গাড়ি চলাচল বন্ধ থাকবে জেনে শনিবার মধ্যরাতে গিয়ে টঙ্গী হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নেন।
ইজতেমা ময়দানে নারীদের স্থান না থাকায় কনকনে শীতের মধ্যে মাঠের বাইরে খোলা জায়গায় অবস্থান করেন। আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি পুরুষদের পাশাপাশি ময়দানের বাইরে হলেও নারীদের জন্য ব্যবস্থা রাখার দাবি জানান তিনি।
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমা রোববার আখেরি মোনাজাতে শেষ হয়।
