২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেবগঞ্জে আখ ক্ষেতে ফের আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আলোচিত সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামারে দুই মাসের মধ্যে আবার অগ্নিকাণ্ডে প্রায় ১৮ একর জমির আখ পুড়ে গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 07:48 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছরের ৬ নভেম্বর এ চিনিকলের কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

এরপর ১৯ নভেম্বর ওই খামারের ফকিরগঞ্জে এলকার ১১ আই ব্লকের আখ ক্ষেতে আগুন লেগে অন্তত ৩৩ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামারের ডিজিএম আলমগীর হোসেন জানান, খামারের সাপমারা এলাকার দুইটি আখের জমিতে হঠাৎ করে আগুন লাগে। আগুন দ্রুত পাশের আখ ক্ষেতে ছড়িয়ে পড়ে।

“গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৮ একর জমির আখ পুড়ে গেছে।”

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আউয়াল বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কেউ ওই আখ ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যাওয়া এসব ক্ষেতের আখ কেটে চিনিকলে নিয়ে আসা হচ্ছে।

এ আগুনে শুধু আখের পাতা পুড়ে গেছে। তাই এ থেকে চিনি আহরণ করা সম্ভব হবে বলে তিনি জানান।

গোবিন্দগঞ্জের ১৮টি গ্রামের এক হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামার গড়ে তোলে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। কিন্তু অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ এনে পূর্বপুরুষের জমি ফেরতের জন্য আন্দোলনে নামে সাঁওতাল-বাঙালি জনগোষ্ঠী।

এর ধারাবাহিকতায় গত বছরের জুন মাসে তারা ওই খামারে জমিতে ঘরবাড়ি উঠিয়ে প্রায় ১৮ শ একর জমি দখল করে নেয়। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ওই খামারের জমিতে আখ কাটতে গেলে পুলিশ ও মিলের লোকজনের সঙ্গে সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

সংঘর্ষের পরপরই বিকাল থেকে রাত পর্যন্ত সাঁওতালদের ওইসব বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। এ নিয়ে থানায় তিনটি মামলা হয়েছে।

এদিকে, সাঁওতালদের ফাঁসানোর জন্য এটি কোনো সাজানো ঘটনা হতে পারে বলে সন্দেহ করছে তারা।

গত বছরের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ দ্বীজেন টুডুর বাবা ইলিয়াম টুডু বলেন, তাদের এই গ্রাম থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে। এছাড়া তা রয়েছে কাঁটাতার দিয়ে ঘেরা। এছাড়া প্রতিদিন ক্ষেতে তো শ্রমিকরা কাজ করছে।

“দিনের বেলা কেমন করে ক্ষেতে আগুন লাগল, তা তো তাদেরেই ভালো জানার কথা। কিন্তু সাঁওতালদের দিকে তাদের সন্দেহ। এটা তে অন্য কিছু বোঝায়।”

সাহেবগঞ্জ-বাগদা ইক্ষু খামার ভূমি উদ্ধার কমিটির সদস্য ও সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামের গ্রাম প্রধান বার্নাভাস টুডু বলেন, বিচার বিভাগীয় তদন্ত চলাকালে এই অগ্নিকাণ্ড নিয়ে তারা যথেষ্ট সন্দিহান।

নতুন করে কোনো বিপদের মুখোমুখি কিংবা ‘তদন্ত কাজকে প্রভাবিত করার জন্য’ তারা নিজেরাই এই ধরনের কর্মকাণ্ড ঘটনাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।