২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা: ১৭ জেলার মুসল্লি টঙ্গিমুখী

টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 11:56 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

দুই দফার এ ইজতেমার প্রথম দফায় অংশ নিতে বুধবার ভোর থেকেই মুসল্লিরা সঙ্গে প্রয়োজনীয় মালামালসহ টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে জেলাওয়ারি যার যার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন।

স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ বাস, প্রাইভেট কার, ট্রাক, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে ইজতেমাস্থলে সমবেত হচ্ছে। আখেরি মোনাজাতের আগ পযন্ত এটি অব্যাহত থাকবে।

ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন  জানান, ইতোমধ্যে ইজতেমার সিংহভাগ প্রস্তুতি শেষ হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের টুকিটাকি কাজ। ইতিমধ্যে মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে মুরু করেছেন।

“শুক্রবার শুরু হয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।”

তিনি জানান, এরপর চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

গিয়াস উদ্দিন  জানান, এবারও বিশ্বইজতেমা ময়দানের পশ্চিম-উত্তর দিকে বিদেশি মুসল্লিদের অবস্থানের জন্য বিশেষ আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিদেশি নিবাসে রন্ধনশালায় সার্বক্ষণিক গ্যাস ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অ্যাম্বুলেন্স ও টেলিফোনসহ প্রয়োজনীয় আধুনিক সুবিধাদি রয়েছে। বিদেশি নিবাসে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। এবার বিদেশি মুসল্লিদের জন্য ২০ শতাংশ আবাসনসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে।

প্রথম দফা য় ২৭ খিত্তায় ১৭ জেলার মুসল্লি

প্রথম পর্বে (১৩-১৫ জানুয়ারি) ১৭ জেলার মুসল্লিরা ২৭ খিত্তায় অংশ নিচ্ছেন। বুধবার থেকে তারা ইজতেমা ময়দানের জেলাওয়ারি নির্ধারিত স্থানে (খিত্তায়) অবস্থান নিতে শুরু করেছেন। 

জেলাগুলো হলো- ঢাকা (খিত্তা ১-৫), টাঙ্গাইল ( খিত্তা- ৬, ৭ ও ৮), ময়মনসিংহ ( খিত্তা-৯, ১০ ও ১১ ), মৌলভীবাজার (খিত্তা-১২), ব্রাহ্মণবাড়িয়া (খিত্তা-১৩), মানিকগঞ্জ (খিত্তা-১৪), জয়পুরহাট (খিত্তা-১৫), চাঁপাইনবাবগঞ্জ (খিত্তা-১৬), রংপুর (খিত্তা-১৭), গাজীপুর (খিত্তা-১৮ ও ১৯),  রাঙ্গামাটি (খিত্তা-২০), খাগড়াছড়ি (খিত্তা-২১), বান্দরবান (খিত্তা-২২), গোপলগঞ্জ (খিত্তা-২৩), শরীয়তপুর (খিত্তা-২৪), সাতক্ষীরা (খিত্তা-২৫) ও যশোর (খিত্তা-২৬ ও ২৭) ।

গিয়াস উদ্দিন আরও জানান, বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১১ সাল থেকে দেশের ৬৪ জেলার মুসল্লিদের জন্য দুই দফায় বিশ্ব ইজতেমা শুরু হয়। ইতোপূর্বে ৬৪ জেলার জন্য তিনদিনের এক দফায় ইজতেমা অনুষ্ঠিত হতো। কিন্তু টঙ্গির ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১৫ সাল থেকে দেশের ৩২টি জেলার জন্য দুই দফায় ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে এক বছর পর পর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

অর্থাৎ গত বছর যে সকল জেলার মুসল্লিরা দুই পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন, ওইসব জেলার মুসল্লিরা এবছর ইজতেমায় অংশ নিতে পারবেন না। তারা এবার যার যার জেলায় আঞ্চলিক ইজতেমায় অংশ নেবেন। ২০১৫ সাল থেকে এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।