২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই’

বিশ্ব ইজতেমায় কোনো জঙ্গি সংগঠনের হামলার হুমকি নেই। সুন্দরভাবে তা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 06:50 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রোববার গাজীপুরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।    

টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। চার দিন পর শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার কোনো হুমকি আমাদের কাছে নেই। গোয়েন্দা বাহিনী কাজ করেছে। নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। ইজতেমা সুন্দরভাবে সফল হবে।”

প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার খেয়াল রাখছেন এবং কীভাবে আরও সহযোগিতা করা যায় তা নিয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

এবারের ইজতেমাকে বিশেষ চ্যালেঞ্জ মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “আশা করি আমাদের সচেতনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরুব্বিদের সহযোগিতায় আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। ইজতেমায় কোনো রকম অনিরাপত্তার কথা ভাবছিনা।”

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল হক, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিশ্ব ইজতেমার মুরুব্বি মেজবাহ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তুলে ধরেন।