২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে রোববার আদালতে যাচ্ছেন না খাদিজা

শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সাক্ষ্য দিতে রোববার আদালতে হাজির হচ্ছেন না সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 05:28 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাভার সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন তার চাচা আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, “খাদিজার মাথায় পানি জমে যাওয়া ও বাম পা এখনও অবশ থাকায় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে সিলেট আনা হবে না।”

গত ১৫ ডিসেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে খাদিজাকে সাক্ষ্য দিতে রোববার (৮ জানুয়ারি) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো।

আলোচিত এ মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

আদালত খাদিজার সাক্ষ্য নিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করবে বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান।

গত ২৯ নভেম্বর আদালতে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে  এ মামলার বিচার কাজ শুরু হয়। গত ৫ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন।

গত ৮ নভেম্বর ছাত্রলীগ নেতা বদরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।