২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরে যাওয়ার পরও ‘ভালোবেসে’ দেওয়া ভোটে জয়ী

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে যাওয়ার পরও সদস্য পদের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ফুলপুরে আব্দুল খালেককে নির্বাচিত ঘোষণা করেন।

হাতি প্রতীকে ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ ভোট।

আব্দুল খালেক বলেন, “গত ১৪ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে এবং স্থানীয় সংসদ সদস্য শরীফ আহমেদকে সম্মান দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহরের নির্ধারিত সময়ের পরদিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিই।”

“সাধারণ ভোটারদের ভালোবাসার ফলাফল এটি।”

নির্বাচনের আগেরদিন ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় চলে যান বলেও জানান।

ভোটার শফিকুল ইসলাম বলেন, “খালেক ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে ভোট দেওয়া নিয়ে কথা হলে তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তোমাদের যাকে পছন্দ তাকে ভোট দাও।’ কিন্তু আমরা ভালোবেসে তাকেই ভোট দিয়ে বিজয়ী করেছি।”

এটা তার প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন এ ভোটার। 

স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সব পদের প্রার্থীদের পোস্টার ব্যানার থাকলেও এই প্রার্থীর কোনো ব্যানার পোস্টার চোখে পড়েনি।