জন্মদিনে বিনম্র শ্রদ্ধায় সৈয়দ হককে স্মরণ
জন্মদিনে কুড়িগ্রামে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
মঙ্গলবার ৮১ তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে প্রিয় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ।
সকালেফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম এম আব্রাহাম লিংকন ও আমজাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক।
পরে একটি র্যালি বের হয়। র্যালিটি কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্প্যাসের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে কেক কাটার পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তাতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন।
এতে বক্তব্য রাখেনকবির ছোট ভাই সৈয়দ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম এম আব্রাহাম লিংকন, আবু জোবায়ের আল মুকুল, কাজী শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, ইলিয়াস আহম্মেদ, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, অধ্যক্ষ নুর বখত প্রমুখ।
কবিতা, নাটক, গল্প, উপন্যাস, চলচ্চিত্রসহ সাহিত্যের সব শাখায় স্বচ্ছন্দ সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন হোমিওপ্যাথিক চিকিৎসক সৈয়দ সিদ্দিক হুসাইন ও গৃহিনী হালিমা খাতুনের ঘরে। মৃত্যুর পর কুড়িগ্রামেই হয় তার শেষ ঠিকানা।
