২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষার ফলন বাড়াতে মৌচাষিদের আমন্ত্রণ জানাচ্ছেন বাঘারপাড়ার কৃষক

যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষকরা সরিষার ফলন বাড়ানোর জন্য অধিক হারে পরাগায়ন নিশ্চিত করতে মৌচাষিদের আমন্ত্রণ জানাচ্ছেন। এতে মধুচাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 01:29 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

হলুদ-সবুজের নয়নাভিরাম বিস্তীর্ণ সরিষার ক্ষেত ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরাগায়নে মৌমাছির গুরুত্ব বুঝতে পেরে সরিষা চাষিরা মৌচাষিদের আমন্ত্রণ জানান। এতে মৌচাষি ও সরিষা চাষি উভয়েরই লাভ বেশি।

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সময় সরিষার ক্ষেতে মৌমাছির আনাগোনা কৃষকরা ভালোভাবে নিতেন না। তাদের ধারণা ছিল, সরিষার ফুলে মৌমাছি বিচরণ করলে ফুল ফেটে যায়। এতে ফসলের ক্ষতি হয়।

“কৃষকরা এখন সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসছেন। ক্ষেতে বীজ ছড়ানোর পর থেকেই তার মৌচাষিদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ক্ষেতে যত বেশি মৌমাছি বিচরণ করবে ফুলের পরাগায়ন তত বেশি বাড়বে।”

ক্ষেতে মৌমাছির বাক্স রাখার পর থেকে কৃষকরা প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেশি ফলন পাচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা জাহিদুল।

উপজেলার হাবুল্লা গ্রামের কৃষক আব্দুল্লা মোল্যা বলেন, “আগে যে জমিতে ছয় মণ সরিষা হত, এখন সেই একই জমিতে সাড়ে ছয় থেকে সাত মণ সরিষা হয়।”

মৌ চাষি বাবুল হোসেন বলেন, “হাবুল্লা মাঠে ২০টি মাছির বাক্স রেখেছি। প্রতি মাসে প্রতিটি বাক্স থেকে তিন-চার কেজি মধু পাওয়া যায়। আমার যেমন বেশি আয় হচ্ছে তেমনি কৃষকের সরিষা উৎপাদনও বাড়ছে।”