২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে শিক্ষার মানউন্নয়ন কার্যক্রমের অবহিতকরণ সভা

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন কাজ সম্প্রসারণ বিষয়ে এক অবহিতকরণ সভা করেছে বেসরকারি সংস্থা ‘রুম টু রিড-বাংলাদেশ’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 10:40 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

আগামী বছর এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণ করার বিষয়টি এ সভায় জানানো হয়।

বুধবার উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় প্রাথমিক স্তরের শিশুদের বাংলা ভাষা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, পাঠ্যাভাস ও বিদ্যালয়ের শিখন পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সাক্ষরতা কর্মসূচির আওতায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণিকক্ষে পাঠাগার স্থাপন, স্তরভিত্তিক শিক্ষাসহায়ক উপকরণ প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণ প্রদান করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক’ সংস্থা রুম টু রিড সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিশুদের বাংলা পঠন দক্ষতার উন্নয়ন ও পড়ার অভ্যাস তৈরিতে সম্পূরক শিক্ষা-উপকরণ সরবরাহ, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, বিদ্যালয় ভবন সংস্কার এবং মেরামত কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সরকার ঘোষিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে রুম টু রিড প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংস্থাটি ২০০৯ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, নাটোর ও ঢাকা জেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সালে ঢাকায় সীমিত পরিসরে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কাজ শুরু করেছে সংস্থাটি। এ পর্যন্ত ৫টি থানায় (লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, ডেমরা ও মিরপুর) ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে আসছে।

২০১৬ সাল পর্যন্ত প্রায় এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় সুফল পেয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে রুম টু রিড ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় আরও ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অবহিত সভার আয়োজন করে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত সরকারি বিদ্যালয়সমূহের শিশুরা আগামী চার বছর সুফল ভোগ করবে বলে সভায় জানানো হয়েছে।

কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানার সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন আরা বেগম।

উপস্থিত ছিলেন রুম টু রিড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, প্রোগ্রাম অপারেশন স্ডিরেক্টর জনাব রিফাত বিন সাত্তার, লিটারেসি ডিরেক্টর জনাব মো. শাহ আলম প্রমুখ।