এক লাখ ডলার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর উদ্ধার
ফেনীতে এক লাখ মার্কিন ডলার মুক্তিপণের দাবিতে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই কিশোরকে উদ্ধারের সময় ১০ হাজার ডলারসহ এক অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
উদ্ধার ওমর ফারুক (১৬) শহরের মহিপাল এলাকার ফল ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের ছেলে।
আটক মো. নূর নবীকে (১৮) ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, “স্কুলে যাওয়ার সময় গত ৫ ডিসেম্বর অপহরকারীরা ওমর ফারুককে ধরে মাইক্রেবাসে তুলে করে চট্টগ্রাম নিয়ে যায়। পরে তার বাবার কাছে এক লাখ ইউএস ডলার মুক্তিপণ দাবি করে।
“পরদিন ৬ ডিসেম্বর সাইফুল বিষয়টি র্যাব ক্যাম্পে জানালে তাকে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তিনি যোগাযোগ করলে অপহরণকারীরা মুক্তিপণের অর্থ নিয়ে সাইফুলকে ভারত যাওয়ার প্রস্তাব দেয়। এক পর্যায়ে সাইফুল ১০ হাজার ডলার মুক্তিপণ দিতে রাজি হন এবং ওই অর্থ নেওয়ার জন্য শহরের শহীদ শহিদুল্যাহ কায়সার এলাকায় আসতে বলেন।”
অপহরণকারী সেখানে এলে ১০ হাজার ডলার হস্তান্তরের সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা নূর নবীকে আটক করে। পরে চক্রের অন্য সদস্যরা ফারুককে মাইক্রোবাসে করে লালপুল এলাকায় রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।
শাফায়াত জামিল ফাহিম বলেন, অপহরণ চক্রের হোতা মালদ্বীপ প্রবাসী মো. মীর হোসেনসহ অন্য সদস্যদের আটকে অভিযান চালাচ্ছে র্যাব।
