২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঘরে আগুন দেওয়ার অভিযোগ, শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুন ধরিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে; আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

উপজেলার বাইশাখালী গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহত সাব্বির হোসেন শান্ত (১২) ওই গ্রামের মো. আমির হোসেনের ছেলে ও ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে এলাকার খোকন মাতবর ও সত্তার মাতবরের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় সত্তার থানায় মামলা করেন।

“আমি মামলায় সত্তারের সাক্ষী হওয়ায় খোকন মাতবর ও তার লোকজন জামিনে বের হয়ে আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিল।”

শত্রুতা করেই ঘরে আগুন দেওয়া হয়েছে বলে আমিরের অভিযোগ।

আমিরের দাবি, আগুন ধরার মতো কোনো উপাদান আশপাশে ছিল না। আগুনে শিশুছেলের মৃত্যুসহ চারটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

ওসি মিজানুর বলেন, “আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।