কক্সবাজারে বাস উল্টে নিহত ৪
কক্সবাজারের রামুতে একটি দূরপাল্লার বাস উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে বলে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পূর্ব ভেওলা এলাকার মৃত কবির আহমদের স্ত্রী নূর নাহার (৫০) এবং কিশোরগঞ্জের ভৈরবের মোহাম্মদ কাশেম (৪৫)।
খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর গিয়ে বাস চাপা পড়া অবস্থায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
ওসি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ইউনিক পরিবহনের বাসটি পানিরছড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সত্যম সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি প্রভাষ।
এদিকে, বিকাল সাড়ে ৫টার দিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে তুলাতলি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
এরা হলেন পেকুয়া উপজেলার টৈটং এলাকার শফিকুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা (২৬) ও কুতুবদিয়ার আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২০)।
