২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে সোয়া দুই লাখ ইয়াবাসহ আটক ১৬

কক্সবাজারে বিজিবি ও কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ২১ হাজার ইয়াবাসহ ১৬ ‘মাদক পাচারকারী’ আটক করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 02:40 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত রামুর রেঁজুখাল সেতু, টেকনাফের নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদী ও সেন্টমার্টিন উপকূলবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিজিবি ও কোস্টগার্ডের কর্মকর্তারা বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান। 

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল নাফিউর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে এক কিলোমিটার দূরে সাগরে অভিযান চালায়।

“কোস্টগার্ড সদস্যরা একটি ট্রলারকে ধাওয়া করে ঘিরে ফেলে সেখান থেকে ১৫ জনকে আটক করে। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি বস্তার ভিতরে এক লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।” 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরে ইয়াবা পাচারের খবরে টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যং পাড়া এবং সাবরাংয়ে পৃথক অভিযান চালায় তাদের টহলদল।

“নাইট্যং পাড়া থেকে ৫০ হাজার এবং সাবরাং থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

এদিকে সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামুর রেঁজুখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৯৬টি ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

আটক দীল মোহাম্মদ (২৩) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার ছেয়দ নুরের ছেলে।

ইমরান বলেন, “সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় দীল মোহাম্মদকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তার দুই উরুতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৯৬টি ইয়াবা পাওয়া যায়।